যাবনিক

অপ্রতিম হাঁস এক
জন্মমুহূর্তে,
জায়কালে,
বীজের গোপন অংশে
জরায়ুর বস্তিদেশে খাদ্যরসে স্বত:প্রাণ
প্রথম ছন্দের বুকে অনিশ্চিত পা রাখতেই
সামগ্রিক পূর্বস্মৃতি যন্ত্রণাবাহুল্য নিয়ে
নীল থেকে নীলতর পদব্রজে
স্থির হয়ে গেল।

অপরিকল্পিতভাবে
সমস্যাটি মূলতঃ আলাদা।

আমিও গণিকা নই।গর্ভস্থ কন্যাভ্রুণ
বাগ্-দোষে দ্বিখন্ডিতা
সে তবু গণিকা নয়। পৃথিবীর যাবতীয় অসতীত্ব ক্রমাণ্বয় বিবাহে ছেড়েছি।
কেননা উদাহরণ ও সংজ্ঞাবশত:
গণিকার স্বেচ্ছা থাকেনা |

আমি জানকী। আমি অযোনিসম্ভবা, দেবাংশী, দেবভাগা।
আমি জন্মমুহূর্তে, জায়কালে,
সমস্ত পূর্বনারীদের স্মৃতির প্রবলতর
আকস্মিক ভার নিয়ে
নিজস্ব যোনিপথে দারুণ প্রসবদাহে অসহ্য যন্ত্রণাস্রোতে
প্রবাহিত হতে হতে স্বয়ম্ভূ হয়েছি।

আমার মাথা যখন অপ্রশস্ত সংকোচনশীল পিচ্ছিল জনন-পথ দিয়ে শ্বাসহীন অন্ধকারে প্রচন্ড প্রচন্ড চাপ সহ্য করতে করতে চলেছিল অজ্ঞাত অথচ অতি-পরিচিত উদ্দেশে পা-দুটি ভেঙ্গে মুচড়ে যাচ্ছিল প্রবলতর ধাক্কায় যা আমাকে সবলে নিক্ষেপ করছিল ওই দুই মুহূর্তের আশ্রয় থেকে তখন আমিই আমার জননী আমি অকস্মাৎ গর্ভের আক্রমণে ত্রস্ত ক্ষুব্ধ ক্রোধী আহত বীভৎস চিৎকারময় অতিধ্বনি আমিই আমার কন্যা ভ্রুণগর্ভে দ্বিখন্ডিতা ভীষণাকৃতি জরাত্মিকা আমার শুরু নেই শেষ নেই আমি নির্মুক্ত রন্ধ্রকীট আমি ক্ষয় আমি রেচন আমি প্রাণ আমি শব্দ আমি প্রাণ জল জল স্বর বাক্ ইচ্ছা শ্রুতি স্বাদ ক্ষুধা দৃষ্টি ক্ষুধা ক্লেশ ভয় রমণ মরণ

অতএব, হে বসুগণ, পৃথিবীও এমনই কোনো কারণে,
ইদানীং যজ্ঞভাগে উদাসীন হয়েছেন
পক্ষীমাতা বিকলাঙ্গী
মৃত শিশু ভগ্নশাখ নির্বোধ বিবেশ

কিম্বা, ইয়ে, চাকা-ভাঙ্গা,
পিছনের ডান পা-টা
মোচড়ানো,
অপ্রতিম
প্লাস্টিকের হাঁস

Comments

Popular Posts