জঠর (২০০৮)

তোমার স্বতন্ত্র রাত আমারও কপালে হাতছানি
তোমার ঠিকানা পাল্টায় আমারও তো বকুল বাঁচেনা

সর্বাঙ্গে মেখেছি ছাই ধূসর গোধূলি পায়ে পায়ে
জ্বলেছে করুণ স্বরে বিবর্ণ রাতের আলোগুলি
সার্থবাহ ফিরে গেছে এখনো অসংখ্য দাগ বাকি
এতটা নিমগ্ন ছিলে অনভ্যস্ত স্বভাবকথনে

পথ চিরে রক্ত আসে। পথেদের গায়ে জন্মদাগ।
পথেরা বিকৃত হয় পরিক্রমা করে পথযোনি

কী জানি কী নির্গমন জিহ্বাসাপিনী ঘুরে ঘুরে
নাচো, নাচো, দোলাও উল্লম্ব বুক, নাভি
এসো, এসো, হাত ধরি, জ্বলে রক্ত, জ্বলে বিশ্ববাক্
দাও হে আহুতি দাও এই ওষ্ঠপুট, এই উরু
আরও দেবে? স্তূপাকৃতি ছিন্ন চোখ, মহাবিস্মরণ
দাও জল, দাও জরা, আরও সে জঠরজরাজল

Comments

Popular Posts