লীলাবালি ৬ উমা
#
স্বপ্নে অমঙ্গল ছিল ঘুমচোখে ছেড়ে গেল ঘর
কত নদী মাঠঘাট প্রব্রজ্যা করিব হেন সাধ হয়
সাধ সখি, নুন মিষ্টি টক টক কিছুই তেতো না -- এই
জল পুরে দাও মুখে জল দাও মধুপাক রুপোর গেলাসে
তবু দুয়ারে পড়িল ছায়া কোন ছায়া ডানার বাতাস
মাগো, চারিপাশে সর্বক্ষণ খড়মের শব্দ বাজে
ঘোর শব্দ কান গেল কান যায় এর চেয়ে বাসন্তীবস্তর
অলকাতিলকা ভালো আর ভালো ঝরা নিমফুল
এদিকেও সর্বনাশ। খুদ-কুঁড়ো, গোত্রহীন দুধ
বহুদূর মাধুকরী, দিক্ভ্রম, দিনান্তে স্বপাক
ক্রমশ অপর্ণা তবু স্বপ্নদোষে কোজাগরী যায়
কার কার ডাক পড়ে, কে যে আসে, বৃথামাংস, হাড়
এই বেরিয়েছো বুঝি ? না তো ! আমি জন্ম ঘুরিলাম
রোদ-তাতে মুখ পুড়ছে ? আহা ! বুঝি বাঁশিটি জানি না !
পাটলী-রাজার মেয়ে ? এতোদূর শ্মশানে এসেছো ?
ষষ্ঠীর বাছাটি মরে পচে গলে ক্ষীরের সাগর
Comments